১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন।
বিজ্ঞাপন
নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপ-কমিটির সভায় ফ্যামিলি কার্ড প্রকল্পের পাইলটিংয়ের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী জানিয়েছেন, ১০ মার্চ একযোগে দেশের ১৪টি উপজেলায় এই কার্যক্রম শুরু হবে। প্রতিটি উপজেলায় একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে সুবিধাভোগীদের কার্ড বিতরণ করা হবে। ধাপে ধাপে কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ করা হবে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের নারী সদস্যরা আর্থিক সহায়তা পাবেন। প্রতিটি সুবিধাভোগী মাসে ২,৫০০ টাকা করে পাবেন। মন্ত্রী বলেন, নারী ক্ষমতায়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য। একজন নারী স্বাবলম্বী হলে পুরো পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মও স্বাবলম্বী হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এই প্রকল্পে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য থাকবে না। সুবিধাভোগীদের তথ্য ‘ডোর টু ডোর’ পদ্ধতিতে মাঠ পর্যায়ে সংগ্রহ করা হবে। উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সরকারি কর্মকর্তাদের নেতৃত্বে কমিটি গঠন করা হবে। তথ্যের শুদ্ধতা নিশ্চিত করতে দুই স্তরের ‘চেকিং ও রি-চেকিং’ ব্যবস্থা থাকবে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, চার মাসের মধ্যে পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে এবং পরবর্তীতে পুরো দেশে এটি বিস্তৃত করা হবে।








