মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন শহর গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নগরবাসীর সুবিধার্থে মশক নিধন, বনায়ন এবং পরিচ্ছন্ন শহর গড়ার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আবদুস সালাম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নাগরিকদের হারিয়ে যাওয়া অধিকার পুনরুদ্ধার, মশা নিয়ন্ত্রণ, সিটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নাগরিক সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিবাদমুক্ত একটি গণতান্ত্রিক সরকার দায়িত্বে এসেছে। এর আগে স্থানীয় সরকার কার্যকরভাবে কাজ করতো না এবং দলীয় নিয়ন্ত্রণ ছিল। জনগণের সেবা নিশ্চিত না করে নির্বাচনের নামে দখল ও দলীয় সুবিধা নিশ্চিত করা হতো। এখন আমাদের কাজ হলো জনগণের ভোগান্তি কমানো এবং তাদের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া।”
বিজ্ঞাপন
আবদুস সালাম আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত না হওয়া নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি জানান, সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং যে কোনো সমস্যার ক্ষেত্রে সরকারকে অবহিত করা হবে।
প্রশাসক বলেন, “আমরা প্রতিটি কাজ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে মনোযোগ দেব। জনগণ যাতে নাগরিক সেবা, পরিচ্ছন্নতা ও নিরাপদ পরিবেশ পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।”








