আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলমকে আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগের কথা জানানো হয়।
বিজ্ঞাপন
‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৪৯ অনুযায়ী অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকেই তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য চুক্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন সরওয়ার আলম। সে সময় তাকে সচিব পদমর্যাদা দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার তাকে ওই পদ থেকে অব্যাহতি দেয়।
বিজ্ঞাপন
বিসিএস ৮৫ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা সরওয়ার আলম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সচিব (জনসংযোগ), বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক (যুগ্ম-সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিআরটিএতে কর্মরত অবস্থায় তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।








