ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৩০ আগস্ট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন। সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, আবাসন ও যানবাহনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তিনি ঢাকায় ফিরে আসবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সফরের বিস্তারিত কর্মসূচি এবং সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরে পাঠানো হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এর মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জয় পান তিনি।
বিজ্ঞাপন
ওই নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরদিন ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শপথ গ্রহণের পর ঠাকুরগাঁও সফরই রাষ্ট্রপতির প্রথম জেলা সফরগুলোর একটি হতে যাচ্ছে। ফলে তার সফরকে ঘিরে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন মহলেও প্রস্তুতি শুরু হয়েছে।








