Logo

দেশের অধিকাংশ ড্রাইভার ‘ফিটনেসবিহীন’: সড়কমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট, ২০২৬, ১৮:৪৭
দেশের অধিকাংশ ড্রাইভার ‘ফিটনেসবিহীন’: সড়কমন্ত্রী
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের অধিকাংশ চালকই ‘ফিটনেসবিহীন’। উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াই অনেকেই হেলপার থেকে সরাসরি চালকের দায়িত্বে চলে আসছেন। ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, ‘আমাদের সবার অঙ্গীকার হবে যে, ২০৩০ সালের মধ্যে যেন সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনতে পারি। আমার কাছে সড়ক দুর্ঘটনার প্রধান পাঁচটি কারণ মনে হয়েছে। এতো গবেষণার প্রয়োজন নেই। এর মধ্যে আছে ফিটনেসবিহীন যানবাহন, ফিটনেসবিহীন ড্রাইভার। দেশের অধিকাংশ ড্রাইভার ফিটনেসবিহীন কারণ তারা হেলপার থেকে ড্রাইভার হয়েছেন। আর হচ্ছে সচেতনতার অভাব। এছাড়া রয়েছে অনিয়ন্ত্রিত গতি।’

সোমবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে জরুরি চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সড়কমন্ত্রী।

সড়কমন্ত্রী বলেন, ‘প্রতিবছর ৫ হাজারের কাছাকাছি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। এ সংখ্যাটি হ্রাস করতে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে সচেতন করতে কাজ করছে সরকার।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘হাইওয়ের পাশের হাসপাতালগুলোতে আলাদা ইউনিট গঠন ও ১০ কিলোমিটারের মধ্যে যাতে এম্বুলেন্স থাকে তা নিশ্চিত করা হবে।’

এ সময় ২০২৭ সালের মধ্যে নতুন নিরাপদ সড়ক আইন প্রণয়নের কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে দুর্ঘটনা-পরবর্তী জরুরি চিকিৎসাসেবার জন্য ৬০টি প্রাথমিক জীবনরক্ষাকারী অ্যাম্বুলেন্স, ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং মহাসড়ক পুলিশের জন্য ৮০টি টহল মোটরসাইকেলের উদ্বোধন করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD