সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ মাদকবিরোধী অভিযানের সময় শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। সোমবার রাতের ওই অভিযানে পুলিশ সদস্যদের হেনস্তা ও মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর জেরে মঙ্গলবার শাহবাগ এলাকায় বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীরা।
ডিসি মাসুদ আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত চার সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আরও দুই থেকে তিনজনকে শনাক্তের চেষ্টা চলছে; তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এর আগে সোমবার রাতে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ ও মারধর করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা বাড়তে থাকে।
পুলিশের এই আচরণের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শাহবাগ থানার সামনে ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।








