পুলিশ হত্যাকাণ্ডে তদন্ত হয়েছে, প্রয়োজনে আবারও হবে

পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে তদন্ত সম্পন্ন হয়েছে, প্রয়োজন দেখা দিলে পুনরায় তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে যা বলেছেন, আপাতত সেটিই কার্যকর হবে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে নির্মিত একটি হাফেজিয়া মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি জানান, নির্বাচনের পর ঠাকুরগাঁওয়ে এসে মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। আল্লাহর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, মাদরাসার উন্নয়নমূলক কাজে যেন সকলে অংশ নিতে পারেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওবাসীর প্রতি তিনি কৃতজ্ঞ। সবসময় জনগণ তাকে সমর্থন দিয়েছেন এবং সেই সমর্থনের কারণেই কাজ করার সুযোগ পেয়েছেন। এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্ধারিত সময়েই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।








