প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে সম্পূর্ণ মনোযোগী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা করেছিলেন এবং এখন সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি পুরোপুরি মনোনিবেশ করেছেন।
বিজ্ঞাপন
শুক্রবার সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে এসব কথা বলেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানান উপদেষ্টা।
তিনি বলেন, “গত দেড় দশক ধরে বাংলাদেশে প্রশাসনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে, যা প্রশাসনের নিরপেক্ষতা ও দক্ষতা ক্ষুণ্ণ করেছে। দেশের সর্বস্তরের প্রশাসন প্রভাবিত হয়েছে, তবে এখন আমরা পরিবর্তন আনব। প্রধানমন্ত্রীর নীতি অনুযায়ী আমরা দক্ষ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠা করব, যা জনগণের সেবায় নিয়োজিত থাকবে, প্রশাসক হিসেবে নয়।”
বিজ্ঞাপন
উপদেষ্টা আরও জানান, ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে অসাধারণ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয় প্রদান করেছে। এই দায়িত্বের সঙ্গে জবাবদিহিতা ও দায়বদ্ধতা আসছে। সেগুলো মনে রেখে আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
তিনি বলেন, “আমরা উদার গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ব। জনগণের আস্থা অর্জনের জন্য করা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই আমাদের পবিত্র দায়িত্ব। শুধু বিএনপি নয়, সব দলকে একত্রিত করে আমরা দেশের উন্নয়নে কাজ করব।”
বিজ্ঞাপন
মো. ইসমাইল জবিউল্লাহ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম তিনি জেলার সার্কিট হাউসে পেশাগত সফর করেছেন। এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএনপির জেলা ও পৌর নেতৃবৃন্দ, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।








