যুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ইঞ্জিনিয়ার রিফাত আহমেদকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পেয়ে বাবা মোহাম্মদ কলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামের বাড়িতে এ অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার কলিম উদ্দিনের বয়স ৬০ বছর। পরিবার জানিয়েছে, তিনি পেশায় কৃষক এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। তবে পুলিশ বলছে, কলিম উদ্দিন আওয়ামী লীগের সমর্থক—এমন তথ্যের ভিত্তিতে তাকে একটি চলমান মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কলিম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য তাদের বাড়িতে যান। পুলিশ পরিচয় দেওয়ার পর তার স্বামী দরজা খুলে দেন। ওই সময় বাড়িতে তিনি, তার স্বামী, মেয়ে ও ছেলের স্ত্রী ছিলেন।
হাসিনা বেগমের ভাষ্য, পুলিশ প্রথমে ছেলে রিফাত আহমেদ সম্পর্কে জানতে চায়। রিফাত বাড়িতে নেই এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার সঙ্গে পরিবারের যোগাযোগ নেই—এ কথা জানানো হলে পুলিশ তার স্বামীকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে তাকে থানায় নেওয়া হয় এবং রোববার গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বিজ্ঞাপন
তিনি দাবি করেন, তার স্বামী কৃষক এবং কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তার নামে কোনো মামলাও ছিল না।
কলিম উদ্দিনের মেয়ে হ্যাপী আক্তার বলেন, তার ভাই রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি বাড়িতে থাকেন না। পরিবারের সদস্যদের সঙ্গেও তার যোগাযোগ নেই। ভাইকে না পেয়ে বাবাকে পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, রিফাত আহমেদ যুবলীগের সঙ্গে যুক্ত এবং কয়েক দিন আগে তার নেতৃত্বে একটি মিছিল হয়েছে। কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে রিফাতের বাড়িতে অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
ওসি বলেন, পুলিশের কাছে তথ্য ছিল যে রিফাত ও তার পরিবারের সদস্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক। এ কারণে কলিম উদ্দিনকে একটি পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কলিম উদ্দিনের নামে আগে কোনো মামলা ছিল কি না বা তিনি আওয়ামী লীগের কোনো পদে ছিলেন কি না—জানতে চাইলে ওসি বলেন, তার নামে কোনো মামলা ছিল না এবং তিনি কোনো পদধারী নেতা নন। তবে তিনি আওয়ামী লীগের সমর্থক—এমন তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে রিফাত আহমেদ নিজেকে যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিলেও দলের কোনো পদে নেই বলে জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, তাকে না পেয়ে তার কৃষক বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।








