তারেক রহমানকে অভিনন্দন জানালেন আলজেরিয়ার প্রেসিডেন্ট

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউন। এক বার্তায় তিনি তারেক রহমানের নেতৃত্বগুণ ও দেশের ভবিষ্যৎ নির্মাণে তাঁর আধুনিক ও দূরদর্শী চিন্তার প্রশংসা করেন।
বিজ্ঞাপন
শুভেচ্ছা বার্তায় আলজেরিয়ার প্রেসিডেন্ট উল্লেখ করেন, বাংলাদেশের মতো একটি উদীয়মান অর্থনীতির দেশে জাতীয় উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য শক্তিশালী ও কৌশলগত শাসনের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।
বার্তায় তিনি শুধু অভিনন্দন জানাননি, বরং দেশের সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সরকারের নেওয়া উদ্যোগগুলোর প্রতিও সমর্থন ও সংহতি প্রকাশ করেন।
বিজ্ঞাপন
দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে প্রেসিডেন্ট তেবোউন বলেন, আলজেরিয়া বাংলাদেশের সাথে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও কৃষি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির জন্য তিনি তাঁর গভীর আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেন। দুই দেশের জনগণের সাধারণ কল্যাণে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও একে অপরের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে এই বার্তায়।








