নিজেদের সীমিত সম্পদ দিয়েও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
স্বাস্থ্যখাতের মান আগের তুলনায় উন্নত হচ্ছে উল্লেখ করে তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
রবিবার (১ মার্চ) সকালে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি নিশ্চিত করে মির্জা ফখরুল বলেন, হাসপাতালের অবকাঠামো ও সেবার মানোন্নয়নে যা যা প্রয়োজন, তা তত্ত্বাবধায়কের মাধ্যমে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
রোগী ও তাদের স্বজনদের সুবিধার্থে একটি লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে বলে উল্লেখ করেন।
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, জেলার ক্রমবর্ধমান জনসংখ্যা ও চিকিৎসা চাহিদা বিবেচনায় হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি জরুরি। ৫০০ শয্যায় উন্নীত হলে জেলার অধিকাংশ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে।
বিজ্ঞাপন
একই কর্মস্থলে তিন বছরের বেশি চিকিৎসক থাকার নিয়ম না থাকলেও অনেক হাসপাতালে পাঁচ থেকে সাত বছর ধরে চিকিৎসক কর্মরত থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। দায়িত্ব গ্রহণের মাত্র ১০-১২ দিন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধীরে ধীরে সবকিছু নিয়মের মধ্যে আনা হবে।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।








