আল্লাহর নামে শপথ করি, আমাদের কাজগুলো মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য হোক

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আজ উচ্চ প্রত্যাশা ও আশায় রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। শনিবার রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, আল্লাহর নামে শপথ করি, আগামী দিনে আমাদের কাজগুলো দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য হোক এবং আল্লাহ যেন এই দায়িত্ব পালনের তাওফিক দান করেন।
বিজ্ঞাপন
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানটি শুরু হয় কারি বেলাল হোসাইনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে, সঞ্চালনা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
মাহফিলে উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও এমপি, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি, সিনিয়র আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক, ওলামা-মাশায়েখ, কবি সাহিত্যিক, ব্যবসায়ী এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্রসংসদের নেতা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, “আজ দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা এখানে একত্রিত হয়েছি। কিছুদিন আগে নির্বাচন সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের জন্য বাংলাদেশি মানুষ গত এক দশক ধরে অকাতরে জীবন দিয়েছে—অত্যাচার, নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “এই হাজারও আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ পেয়েছি। এজন্য প্রথমে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি।”








