সৌর ব্যতিচারে ৭–১৪ মার্চ সাময়িক বিঘ্নে পড়তে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১

বাংলাদেশের একমাত্র ভূস্থির কক্ষপথের যোগাযোগ উপগ্রহ বাংলাদেশ স্যাটেলাইট-১-এ সৌর ব্যতিচার (সান আউটেজ) প্রভাব ফেলতে পারে। এ কারণে আগামী ৭ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময় সম্প্রচার সেবায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বিষয়টি জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
বিজ্ঞাপন
সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জিওস্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে সৌর ব্যতিচার একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা সাধারণত বছরে দুবার ঘটে। এ সময় সূর্য, স্যাটেলাইট ও গ্রাউন্ড স্টেশন একই সরলরেখায় অবস্থান করায় শক্তিশালী সৌর বিকিরণ সিগন্যালকে প্রভাবিত করে। ফলে সাময়িকভাবে সম্প্রচার বা যোগাযোগে বিঘ্ন দেখা দিতে পারে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৭ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ৭ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত ১০ মিনিট, ৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১২ মিনিট এবং ১০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১৩ মিনিট সম্প্রচার বিঘ্নিত হতে পারে।
বিজ্ঞাপন
এ ছাড়া ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১৩ মিনিট, ১২ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত ১২ মিনিট, ১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ১০ মিনিট এবং ১৪ মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ৯টা ৫৮ মিনিট পর্যন্ত ৫ মিনিট বিঘ্নের সম্ভাবনা রয়েছে।
বিএসসিএল জানিয়েছে, পুরো সময়জুড়ে পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে।








