সরকার ভুল করলে সাংবাদিকরা তা ধরিয়ে দেবেন: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যমবান্ধব এবং বাক্স্বাধীনতায় বিশ্বাসী। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সরকার ভুল করলে অবশ্যই তা ধরিয়ে দেবেন। তবে কোনোভাবেই মিথ্যা অপপ্রচার চালানো যাবে না। সাদাকে সাদা, কালোকে কালো বলাই হোক আপনাদের অঙ্গীকার।”
বিজ্ঞাপন
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ।
প্রতিমন্ত্রী বলেন, একটি সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং এ প্রক্রিয়ায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সাংবাদিকরা গণতন্ত্রকে শক্তিশালী করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, “গণমাধ্যম বিকশিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। তবে সাংবাদিকদের সমস্যার সমাধান না হলে গণমাধ্যমের পূর্ণ বিকাশ সম্ভব নয়।”
সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর কার্যক্রম আরও সম্প্রসারণের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রকৃত সাংবাদিকরা যেন পেশাদারিত্ব বজায় রেখে স্বাধীনভাবে কাজ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। “আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা। ভবিষ্যতে আমরা সরকারে থাকি বা না থাকি, সত্য বলার এই ধারা যেন অব্যাহত থাকে।”
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাইফুর রহমান, জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহ জেলা সভাপতি।
এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, র্যাব-১৪ অধিনায়ক নয়মুল হাসান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সদস্য ম. হামিদুল হক মানিক, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ সভাপতি এম আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
এর আগে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।








