ভূমিকম্প মোকাবিলায় নতুন পদক্ষেপ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

গত কয়েক মাস ধরে দেশে ভূমিকম্পের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। শুধু ফেব্রুয়ারি মাসেই দেশের বিভিন্ন অঞ্চলে ১০টি ভূকম্পন অনুভূত হয়েছে। এই প্রেক্ষাপটে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু)।
মন্ত্রী জানান, ভূমিকম্পের পর প্রাথমিক আশ্রয়কেন্দ্র হিসেবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলো চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভূমিকম্পের সময় করণীয় এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে একটি প্রাথমিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এ বিষয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
চলতি ফেব্রুয়ারির প্রথম দিন (১ ফেব্রুয়ারি) ঢাকাসহ আশপাশের এলাকায় ৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল সিলেট শহরের পূর্ব-দক্ষিণ-পূর্বে। এরপর ৩ ফেব্রুয়ারি রাতে মিয়ানমারকে কেন্দ্র করে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। একইদিন ভোর ৪টা ৩৬ মিনিটে সাতক্ষীরার কলারোয়া উপজেলাকে কেন্দ্র করে ৪ দশমিক ১ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়।
৯ ফেব্রুয়ারি ভোরে এবং ১০ ফেব্রুয়ারি বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় যথাক্রমে ৩ দশমিক ৩ ও ৪ মাত্রার দুটি ভূমিকম্প হয়। ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৪৬ মিনিটে সুনামগঞ্জের ছাতক উপজেলাকে কেন্দ্র করে ৪ দশমিক ১ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়।
বিজ্ঞাপন
২৫ ফেব্রুয়ারি রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। পরদিন ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে ৪ দশমিক ৬ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়।
সবশেষ ২৭ ফেব্রুয়ারি দুপুরে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর কেন্দ্র ছিল সাতক্ষীরা জেলা থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৯ দশমিক ৮ কিলোমিটার, যা অগভীর হওয়ায় কম্পন বেশি অনুভূত হয়।
বিজ্ঞাপন
ফেব্রুয়ারির শুরু থেকে ২৭ তারিখ পর্যন্ত মোট ১০টি ভূমিকম্প অনুভূত হওয়ায় বড় ধরনের দুর্যোগের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।








