শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশে থাকা শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের অতি শিগগিরই আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, “কীভাবে এই অ্যাকশন নেওয়া হবে তা ফাঁস করতে চাই না, তবে শিগগিরই কার্যক্রম শুরু হবে।”
বিজ্ঞাপন
রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী আরও বলেন, “কোনো কিছু বাদ থাকবে না। আমাদের পরিকল্পনা অনুযায়ী, সবাইকে আইনের আওতায় আনা হবে। আমি এ বিষয়ে অত্যন্ত কঠোর।”
চট্টগ্রামে সম্প্রতি গোলাগুলির ঘটনায় তিনি জানান, দুই মাস আগে একটি সন্ত্রাসী গ্রুপ একটি বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছিল। তখন পুলিশ কমিশনার ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। সন্ত্রাসীরা হয়তো সুবিধা না পেয়ে আবার একই ধরনের হামলা চালিয়েছে, যার সময় তারা হেভি উইপন্স ব্যবহার করেছে। মন্ত্রী জানিয়েছেন, চট্টগ্রামের ঘটনার সন্ত্রাসীরা চিহ্নিত হয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করছে।
বিজ্ঞাপন
বিএনপি দলের নামের সঙ্গে চাঁদাবাজির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, তাদেরকে আইনের আওতায় আনা হয়। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সোপর্দ করেছে। তবে কোনো অভিযোগ যদি সাধারণভাবে করা হয়, তার উত্তর দেওয়া কঠিন।”
মন্ত্রী বলেন, “আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত। রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে এবং জনগণের মনে শান্তি ও নিরাপত্তার অনুভূতি বৃদ্ধি পায়।”







