মধ্যপ্রাচ্যের যুদ্ধ : প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
রবিবার(১ মার্চ) সকালে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের বর্তমান পরিস্থিতি জানতে চান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশীরা কী অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’
আতিকুর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ায় বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কীভাবে করা হচ্ছে, প্রধানমন্ত্রী সেটিও সার্বক্ষণিকভাবে তদারকি করছেন।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীও এই কাজে সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছেন।
বিজ্ঞাপন
সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছান। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে সাংবাদিকদের আসাদুল হাবিব দুলু জানান, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে অতিরিক্ত প্রেস সচিব নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন








