বাজার মনিটরিং ও সম্প্রীতি রক্ষায় সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, রাঙ্গামাটির সব মানুষ যেন নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন—সেই পরিবেশ নিশ্চিত করতে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।
বিজ্ঞাপন
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের বাজার মনিটরিং কার্যক্রমে দলীয় নেতাকর্মীদের সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
শনিবার রাঙ্গামাটি জিমনেসিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙ্গামাটি জেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ ও জেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, রমজান মাসে কোনো অসাধু ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।
তিনি বলেন, “রমজান সংযমের মাস। এই সময়ে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে বিএনপির সব স্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।”
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে দীপেন দেওয়ান আরও বলেন, সকল ধর্ম, বর্ণ ও মতের মানুষ যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে জেলা বিএনপিকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও বিশ্বের মানুষের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম (বার), পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সাবেক সচিব কৃষ্ণ চন্দ্র চাকমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও জেলা জামায়াত, এবি পার্টি ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয়ে সহযোগিতা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান ও এপিএস আল আমিন।








