Logo

শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ছয় নারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ১১:৫৮
শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ছয় নারী
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

খালেদা জিয়ার পক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মরণোত্তর ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও পাঁচ নারীকে পুরস্কৃত করা হয়েছে। ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ বিভাগে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ হিসেবে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী’ বিভাগে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন সম্মাননা পেয়েছেন।

নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান এবং অদম্য মানসিকতার স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চালু থাকা এই সম্মাননা দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণে উৎসাহ জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হয়। একই সঙ্গে এ ধরনের স্বীকৃতি সংগ্রামী ও নেতৃত্বগুণসম্পন্ন নারীদের গল্প সমাজের সামনে তুলে ধরতেও সহায়ক।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD