রাইড শেয়ার মোটরসাইকেলের চালকরা পাবেন ৫ লিটার তেল

মোটরসাইকেলভিত্তিক রাইড শেয়ার সেবায় যুক্ত চালকদের জন্য অকটেন বা পেট্রোল কেনার পরিমাণ নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, রাইড শেয়ার চালকরা প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি তেল কিনতে পারবেন।
বিজ্ঞাপন
তবে এই সুবিধা কেবল মহানগর এলাকায় কার্যকর হবে। এর আগে রাইড শেয়ার মোটরসাইকেল চালকদের জন্য দৈনিক সর্বোচ্চ ২ লিটার তেল কেনার সীমা নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তের ফলে সেই সীমা বাড়িয়ে রাইড শেয়ার চালকদের জন্য ৫ লিটার করা হলো।
মঙ্গলবার (১০ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিং স্টেশন হতে জ্বালানি তেল গ্রহণের সময় মোটরসাইকেল রাইড শেয়ার ভোক্তাকে আবশ্যিকভাবে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ প্রদান করতে হবে।
বিজ্ঞাপন
প্রতিবার জ্বালানি তেল গ্রহণের সময় পূর্ববর্তী ক্রয় রশিদ/বিলের মূল কপি জমা প্রদান করতে হবে। মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্যাদি রাইড শেয়ারিং অ্যাপসের সঙ্গে যাচাইপূর্বক জ্বালানি তেল সরবরাহ করতে হবে।
বিপিসি জানায়, দেশে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল ক্রয়/বিক্রয়ের বাধ্যবাধকতা রয়েছে। সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় আইনগত অপরাধ। তাছাড়া, দেশে জ্বালানি তেলের মূল্যে প্রতিমাসের শুরুতে সরকার কর্তৃক নির্ধারণ করা হয়। বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে সরকার অদ্যবধি কোনরূপ সিদ্ধান্ত গ্রহণ করেনি। এই অবস্থায় দেশের সব ভোক্তা/ডিলারদের নির্দেশনা অনুসরণ করে দেশের জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
বিজ্ঞাপন
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ হতে আমদানি কার্যক্রম/সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা হতে সারাদেশের সব ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগণ/ট্যাংকারের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসি কর্তৃক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।








