Logo

দুদকে নেতৃত্বশূন্যতা : নতুন কমিশনের জন্য গঠন হয়নি কমিটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ, ২০২৬, ১৫:৪১
দুদকে নেতৃত্বশূন্যতা : নতুন কমিশনের জন্য গঠন হয়নি কমিটি
ছবি: সংগৃহীত

বর্তমানে নেতৃত্বহীন অবস্থায় রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনসহ দুই কমিশনার পদত্যাগ করলে থমকে যায় সংস্থার কার্যক্রম। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় নেতাদের দুর্নীতির অনুসন্ধান-তদন্তসহ কয়েক হাজার মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়।

বিজ্ঞাপন

বর্তমানে দুদকের কর্মকর্তারা অপেক্ষায় রয়েছেন, কবে এবং কীভাবে নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হবে। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চলছে নানা আলোচনা।

চেয়ারম্যান পদে সাবেক বিচারক মোতাহের হোসেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমানের নাম সর্বাধিক আলোচিত। তবে দুদকের নতুন অধ্যাদেশ অনুযায়ী সার্চ কমিটি গঠনের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বিজ্ঞাপন

দুদক সংস্কার কমিটির প্রধান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নতুন চেয়ারম্যান ও কমিশনারের জন্য দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাগত সততা থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়োগপ্রাপ্তদের অবশ্যই সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞ ও দক্ষ হতে হবে। তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে এ প্রতিফলন থাকতে হবে। এছাড়া সরকারী প্রভাব বা রাজনৈতিক চাপের কাছে দুর্বল হবেন না। সরকারের কথায় কেবল চলবেন না, তাদের স্বাধীন ও সৎ মানসিকতা থাকতে হবে।

ড. ইফতেখারুজ্জামান আরও উল্লেখ করেন, ক্ষমতাসীন সরকারের এবং রাজনৈতিক দলের চাপ থাকায় নতুন কমিশনকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রী নেওয়া পদক্ষেপ এবং নানামুখী উদ্যোগ দুদকের স্বাধীন ও কার্যকরী গঠন নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি একা সরকার পরিচালনা করবেন না; যাদের মাধ্যমে এটি হবে, তাদের মোটিভেট করতে হবে। সরকারের এ উদ্যোগ নতুন কমিশনকে কার্যকরভাবে কাজ করার সুযোগ দেবে এবং বাধা বা প্রতিরোধের পরিবেশ তৈরি হবে না।

দুদকের নেতৃত্বশূন্যতা দীর্ঘায়িত হওয়ায় সংস্থার গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রম স্থগিত থাকায় এবং নতুন কমিশনের জন্য সার্চ কমিটি না গঠিত হওয়ায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষাবিদ ও নাগরিক সমাজের বিশ্লেষকরা মনে করেন, দুদকের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ নেতৃত্ব ছাড়া দেশের দুর্নীতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD