এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা

গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ব্যবস্থাপনা শিখতে। তাদের সফরের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ। এর আগে একাধিকবার সফরের তারিখ পরিবর্তিত হলেও সর্বশেষ এই দিন নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
এই প্রশিক্ষণ প্রকল্পটি ২০১৯ সালে সরকার গ্রহণ করা আটটি বিভাগীয় শহরে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগের অংশ। সফরের অফিসিয়াল প্রোগ্রামের নাম ‘হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ট্রেনিং’।
প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য যেসব কর্মকর্তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে, তারা হলেন— গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) কাজী মো. ফিরোজ হোসেন, প্রকল্পের পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজ, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মো. নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, নির্বাহী স্থপতি সিদ্দিকা নাসরিন সুলতানা এবং উপবিভাগীয় প্রকৌশলী রিসালাত বারি।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, এই প্রশিক্ষণ সফরের সমস্ত খরচ বহন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবসা প্রতিষ্ঠান ডানহাম-বুশ। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী চিলার ও এইচভিএসি সরবরাহ করে এবং বাংলাদেশেও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বড় শপিংমলগুলিতে তাদের সিস্টেম ব্যবহার করা হয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ বলেন, নির্মাণ প্রক্রিয়া শেষে আমরা সরাসরি এইচভিএসি রক্ষণাবেক্ষণে থাকব। তাই এই প্রশিক্ষণে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ। এতে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করা সম্ভব হবে।
তবে প্রশিক্ষণ সংক্রান্ত সফরকে কেন্দ্র করে নানা প্রশ্নও দেখা দিয়েছে। আইএমইডি জানিয়েছে, এইচভিএসি সিস্টেম নির্মাণের কাজ ইতোমধ্যেই শেষ পর্যায়ে। এছাড়া সফরে যাওয়ার কর্মকর্তাদের মধ্যে কেউ সরাসরি হাসপাতাল নির্মাণ প্রকল্পে যুক্ত নন এবং পরবর্তীতে রক্ষণাবেক্ষণেও সরাসরি দায়িত্ব পাবেন না। এ কারণে যুক্তরাষ্ট্র সফরের প্রয়োজনীয়তা নিয়ে বিশেষ মতভেদ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
প্রকৌশল বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন, সরবরাহকারী প্রতিষ্ঠান দ্বারা খরচ বহনের কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর কিছু অপ্রত্যক্ষ দায়বদ্ধতা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে সরবরাহকৃত সিস্টেমের মানকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ গ্রহণ কর্মকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে প্রকল্পের কার্যক্রমে তা প্রয়োগযোগ্য হবে।
বিজ্ঞাপন
সরকারি আট কর্মকর্তার এইচভিএসি প্রশিক্ষণ সফর আগামী ১৫ মার্চ শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত চলবে।








