১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখননের একটি বড় কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় আনুষ্ঠানিকভাবে এই জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন বা পুনঃখনন করা হবে। এটি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, উদ্বোধনের দিনই দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট জেলার মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিজ নিজ এলাকায় এই কর্মসূচির কার্যক্রম শুরু করবেন।
চার বছর মেয়াদি এই উদ্যোগ বাস্তবায়নে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।
মীর শাহে আলম বলেন, খাল খননের কাজে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যন্ত্রপাতির ব্যবহার কমিয়ে অধিকাংশ কাজ শ্রমিকদের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কাজ শ্রমিকদের দিয়ে করানোর পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদেরও এই কর্মসূচিতে যুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, এটি একটি জনবান্ধব ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। অতীতে খাল খননের নামে অনিয়মের অভিযোগ উঠেছিল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ কারণেই জনসম্পৃক্ততা বাড়ানো হচ্ছে এবং মাঠ পর্যায়ে স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা সরাসরি তদারকি করবেন।








