বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এখন প্রায় শূন্যে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নতির পথে রয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুম প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে, পাশাপাশি গায়েবি ও মিথ্যা মামলাও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১১ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এল.এল.এম. লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারা মানুষের অধিকার রক্ষার একটি কার্যকর সুরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহার করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, অতীতে শত শত মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। এর ফলে তারা বছরের পর বছর পুলিশ রিপোর্টের জন্য অপেক্ষা করতে বাধ্য হতেন এবং ব্যবসা, বিদেশ যাত্রা ও চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হতেন। তবে বর্তমানে উচ্চতর পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট প্রদানের ব্যবস্থা কার্যকর রয়েছে।
মন্ত্রী ডুলার সদস্যদের উদ্দেশ্যে বলেন, সঠিক মানবিক মূল্যবোধ, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকার নিশ্চিত করা সম্ভব। রাজনৈতিক দর্শন যাই হোক না কেন, দিনের শেষে আমাদের লক্ষ্য অবশ্যই বাংলাদেশের মানুষের কল্যাণ হওয়া উচিত।
বিজ্ঞাপন
মো. আসাদুজ্জামান আরও উল্লেখ করেন, আইন পেশায় নিয়োজিত প্রতিটি ব্যক্তি যদি তাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে নাগরিকদের জন্য আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
ডুলার সভাপতি অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম এবং ডুলার সিনিয়র যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডুলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন।








