Logo

খালেদা জিয়া ৩ নয়, ৪ বারের প্রধানমন্ত্রী ছিলেন: সালাহউদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৫:২৬
খালেদা জিয়া ৩ নয়, ৪ বারের প্রধানমন্ত্রী ছিলেন: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনবার নয়, বরং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি শোকপ্রস্তাবকালে বেগম খালেদা জিয়ার চারবারের প্রধানমন্ত্রী হওয়ার যুক্তি বিস্তারিতভাবে তুলে ধরেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্যের শুরুতেই স্পিকারকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের সংসদ অধিবেশনে দাঁড়িয়ে মনে হচ্ছে, এই সংসদ গঠনের সময়ে সবচেয়ে খুশি হতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি প্রায় ৪৫ বছর ধরে তার সঙ্গে দেশের রাজনীতিতে কাজ করেছি—সংসদ সদস্য, মন্ত্রী, দলের নেতা হিসেবে তার ছায়াতলে থেকেছি।

তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন এক আপোষহীন নেতা, যিনি সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলন করে গণতন্ত্রকে অবমুক্ত করেছিলেন।

বিজ্ঞাপন

১৯৯১ সালে পুনরায় সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হওয়ার পিছনে খালেদা জিয়ার অবদানকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষভাবে স্মরণ করেন। তিনি বলেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার চালু করেছিলেন, নারী শিক্ষার অগ্রগতি নিশ্চিত করেছিলেন এবং দেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছিলেন।

খালেদা জিয়ার চারবারের প্রধানমন্ত্রী হওয়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, ১৯৯১ সালে রাষ্ট্রপতিশাসিত সরকারের সময়ে একবার প্রধানমন্ত্রী হয়েছেন, সংসদীয় পদ্ধতির সরকার চালু হওয়ার পর আবার শপথ গ্রহণ করেছেন, ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত হয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন এবং ২০০১ সালে চতুর্থবার নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়াকে ‘অপরাজিতা’ হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও উপমহাদেশের রাজনীতিতে তার নজির অনন্য। যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন, ততবারই নির্বাচিত হয়েছেন। সামরিক স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তার অবিরাম সংগ্রাম দেশের মানুষকে অনুপ্রাণিত করেছে।

তিনি আরও যোগ করেন, আজ তিনি আমাদের শারীরিকভাবে নেই, কিন্তু গণতন্ত্র ও দেশের মানুষের অন্তরে তিনি আজীবন জীবিত থাকবেন। তার নেতৃত্ব ও সংগ্রামের গল্প বাংলাদেশের ইতিহাসের সঙ্গে চিরন্তনভাবে যুক্ত থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD