ঢাকায় অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ জানালেন শামা ওবায়েদ

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশে, বিশেষ করে ঢাকায়, মেটার একটি কার্যালয় বা ফোকাল পয়েন্ট স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সময়ের স্বল্পতার কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশ নিতে পারেননি। বিষয়টি পরদিন এক সংবাদ সম্মেলনে জানান শামা ওবায়েদ।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মেটার বিপুল ব্যবহারকারীভিত্তি এবং দেশের ডিজিটাল অর্থনীতির সম্ভাবনার কথা তুলে ধরা হয়। দুই পক্ষ বাংলাদেশের সঙ্গে মেটার সম্পর্ক, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং প্রযুক্তিনির্ভর ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আলোচনায় বাংলাদেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসার সম্প্রসারণ, ডিজিটাল অর্থনীতি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সুযোগ নিয়েও মতবিনিময় হয়। মেটা বাংলাদেশের ব্যবসা ও অনলাইন বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে শামা ওবায়েদ জানান।
বিজ্ঞাপন
ঢাকায় অফিস স্থাপনে আগ্রহ মেটার
শামা ওবায়েদ জানান, ঢাকায় মেটার অফিস বা ফোকাল পয়েন্ট স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রতিষ্ঠানটি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, বাংলাদেশে মেটার কার্যক্রম কীভাবে ও কখন আরও বিস্তৃত করা যায়, তা নিয়ে পরবর্তী সময়ে আলোচনা হবে।
মেটার পক্ষ থেকে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানানো হয়েছে। পাশাপাশি দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল হয়রানি কমাতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
বৈঠকে বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে অনলাইনে অপব্যবহার ও ডিজিটাল হয়রানি মোকাবিলায় প্রযুক্তি প্ল্যাটফর্মের ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়।
শামা ওবায়েদের ভাষ্য অনুযায়ী, বৈঠকটি ছিল ফলপ্রসূ। ভবিষ্যতে বাংলাদেশে মেটার কার্যক্রম সম্প্রসারণ এবং ঢাকায় কার্যালয় বা ফোকাল পয়েন্ট স্থাপনের বিষয়ে আরও আলোচনা হবে।








