Logo

৫ টাকায় পারাপার করবে, তারা ইজারা নিতে পারবেন: নুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৭:২৪
৫ টাকায় পারাপার করবে, তারা ইজারা নিতে পারবেন: নুর
নুরুল হক নুর | ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাটের ইজারা নিয়ে স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে প্রতিমন্ত্রী বলেন, গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটের যারা ইজারা নিতে চাচ্ছেন, তাদের জন্য আমার স্পষ্ট বার্তা হলো: যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন, তারা ইজারা নেন।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেন, ৫ টাকায় পারাপার না করলে ইজারা নেওয়ার চেষ্টা করবেন না। পরে ইজারা পেয়ে সমঝোতার জন্য ফিরে আসলেও কোনো কাজ হবে না। জেলা পরিষদ ৫ টাকা ভাড়া নির্ধারণ করে খাস কালেকশন করবে। জনগণের ওপর অতিরিক্ত টাকা চাপিয়ে দেওয়া বা অন্যায়ভাবে ইজারা দেওয়া যাতে না হয়, তা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

নুরুল হক নুর বলেন, আমার কাছে ইজারার খরচ বা কত টাকায় নেওয়া হচ্ছে তা বিবেচ্য নয়। জনগণের সেবা ও কল্যাণই আমার অঙ্গীকার। জনগণ আমাকে তাদের জনপ্রতিনিধি বানিয়েছে সেই বিশ্বাস ও আস্থার ভিত্তিতে আমি কাজ করছি। আগামীতে ৫ টাকার বেশি ভাড়া আদায় করা হবে না।

উল্লেখযোগ্য, পটুয়াখালী জেলা পরিষদ গত ২ মার্চ গলাচিপার হরিদেবপুরসহ ২১টি খেয়াঘাটের ইজারা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বাংলা ১৪৩৩ সালের জন্য হরিদেবপুর–গলাচিপা বন্দর খেয়াঘাটের সম্ভাব্য ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ লাখ ৭৯ হাজার ৪৯৩ টাকা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD