বিএনপি জুলাই সনদ ভঙ্গ করে জাতীয় সংসদ শুরু করেছে: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি জুলাই সনদ ভঙ্গ করে জাতীয় সংসদ কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশের মানুষকে বিএনপি সঠিক বার্তা দিতে পারেনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সারজিস আলম এসব মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে, কিন্তু ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে ডেপুটি স্পিকার পদে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল, যিনি বিএনপি সমর্থিত একজন সংসদ সদস্য।
বিজ্ঞাপন
সারজিস আলম আরও বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারকে রাষ্ট্রপতি কর্তৃক শপথ পড়ানোর বিষয়টি লক্ষ্য করলে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিবেশগত সীমাবদ্ধতার কারণে আমাদের কিছুটা প্রতিবন্ধকতা ছিল। এতদিন পরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বিএনপি ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির মাধ্যমে শপথ নিয়ে নতুন সংসদ কার্যক্রম শুরু করেছে। এভাবে পূর্বের স্বৈরাচারী নীতির ধারাবাহিকতা বজায় রাখা আমাদের জন্য উদ্বেগজনক।
তিনি বলেন, বিএনপির এই সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার সঙ্গে মানানসই নয় এবং এটি রাজনৈতিক কার্যক্রমকে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা সৃষ্টি করেছে।








