Logo

১৭ বছর পর কার্যকর সংসদ ফিরে এসেছে: স্পিকার হাফিজ উদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৭:৫৫
১৭ বছর পর কার্যকর সংসদ ফিরে এসেছে: স্পিকার হাফিজ উদ্দিন
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পর গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশ একটি কার্যকর জাতীয় সংসদ ফিরে পেয়েছে।

বিজ্ঞাপন

সংসদের প্রথম দিনের অধিবেশন শুরু হয় বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে। অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করা হয়। পরে সংসদের শপথ কক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল-কে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণের পর স্পিকার তার কার্যালয়ে যোগ দেন এবং সেখানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাকে অভিনন্দন জানান। বিরতির পর প্রথম অধিবেশনে দুপুর ১২টা ৫৭ মিনিটে স্পিকারের আসনে বসেন হাফিজ উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

স্পিকার অধিবেশন কক্ষে প্রবেশ করলে সংসদ নেতা তারেক রহমানসহ সংসদের সদস্যরা টেবিল চাপড়ে তাকে স্বাগত জানান।

তবে অধিবেশনের শুরুতে প্রযুক্তিগত জটিলতায় কিছুটা বিঘ্ন ঘটে। দিনের কর্মসূচি শুরুর আগে স্পিকার নিজেই মাইক্রোফোন চালু করার চেষ্টা করলেও তা কাজ করছিল না। এ সময় সংসদ সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেন। মাইকে টোকা দিয়েও সমস্যা সমাধান না হওয়ায় সার্জেন্ট অ্যাট আর্মস স্পিকারের কাছে এসে একটি কর্ডলেস মাইক্রোফোন সরবরাহ করেন।

কর্ডলেস মাইক হাতে নিয়ে স্পিকার বলেন, তাকে নির্বাচিত করায় তিনি সংসদের সব সদস্যের প্রতি কৃতজ্ঞ। এ সময় তিনি মন্তব্য করেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর পর একটি কার্যকর সংসদ দেখতে পাচ্ছে।

বিজ্ঞাপন

তবে শুরুতে স্পিকারের বক্তব্য অনেক সংসদ সদস্য স্পষ্টভাবে শুনতে পারছিলেন না। সংসদ নেতা সহ কয়েকজন সদস্যকে হেডফোন ব্যবহার করে বক্তব্য শোনার চেষ্টা করতে দেখা যায়। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম মিলন। তিনি দাঁড়িয়ে জানান, স্পিকারের কথা ঠিকমতো শোনা যাচ্ছে না।

জবাবে স্পিকার সদস্যদের ধৈর্য ধরতে বলেন এবং জানান, এটি সাময়িক প্রযুক্তিগত ত্রুটি। দুই মিনিটের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এ সময় মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলে স্পিকার ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

অন্যদিকে, প্রথম অধিবেশনেই পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদের কার্যপ্রণালী বিধির ১২(১) ধারা অনুযায়ী এই প্যানেল গঠন করা হয়। সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন বিএনপির মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, মনিরুল হক চৌধুরী এবং জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম।

স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে এই সভাপতিমণ্ডলীর সদস্যরা নামের ক্রমানুসারে সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন বলে জানানো হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD