স্পিকার এখন পুরো সংসদের অভিভাবক, কোনো দলের নন: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি নন; বরং তিনি পুরো সংসদের অভিভাবক— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন এই সংসদের দিকে দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রমনা মানুষ অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। তাই দেশ ও জনগণের স্বার্থে সংসদকে কার্যকর ও অর্থবহ করে তোলার দায়িত্ব সবার।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি আর কোনো দলের নন। তার দায়িত্ব এখন পুরো সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। সংসদের কার্যক্রম পরিচালনায় স্পিকারের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় জনগণকে কার্যত দুর্বল অবস্থায় ঠেলে দেওয়া হয় এবং জাতীয় সংসদকে জনগণের অধিকার রক্ষার পরিবর্তে তা লুণ্ঠনকারীদের একটি ক্লাবে পরিণত করা হয়েছিল।
বিএনপির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করা তারেক রহমান বলেন, অতীতে যারা নিজেদের সংসদ সদস্য বলে পরিচয় দিতেন, তাদের অনেকেই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ছিলেন না। তবে বর্তমান সংসদ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। এই সংসদ প্রকৃত অর্থেই দেশের মানুষের সংসদ।
তিনি আরও বলেন, সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করতে অযথা বিরোধিতা নয়, বরং যৌক্তিক আলোচনা ও গঠনমূলক বিতর্ক জরুরি। সংসদে বিভিন্ন বিষয়ে যুক্তিসঙ্গত বিতর্কের পরিবেশ তৈরি করতে স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী জানান, সংসদের সদস্য হিসেবে স্পিকারকে সংসদ পরিচালনায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
বক্তব্যের শেষদিকে তিনি নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-কে নতুন দায়িত্ব গ্রহণের জন্য সংসদ সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে জাতীয় সংসদের সফলতা ও দেশের কল্যাণ কামনা করেন তিনি।








