ঈদে গণপরিবহনের ভাড়া নিয়ে যা জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, জ্বালানি তেলের দাম আগামী দিনে বাড়ানো হবে না। ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে, ফলে ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, জ্বালানি মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। “জ্বালানি সংকটের কারণে কোনো ধরনের পরিবহন সমস্যা হবে না,” বলেন তিনি।শুক্রবার (১৩ মার্চ) ঈদ উপলক্ষে ট্রেন যাত্রা শুরুর প্রথম দিনে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী রেল যোগাযোগকে আধুনিক ও জনবান্ধব করতে নির্দেশনা দিয়েছেন। এর ফলে মানুষ স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে দীর্ঘ দূরত্বে যাতায়াত করতে পারবে। সরকার রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করছে।
বিজ্ঞাপন
ঈদযাত্রার সময় জনসমাগমকে চ্যালেঞ্জ হিসেবে দেখিয়ে তিনি জানান, মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ত্যাগ করেন। এত স্বল্প সময়ে এত মানুষের যাতায়াত বড় একটি চ্যালেঞ্জ হলেও সরকার তা সফলভাবে পরিচালনার চেষ্টা করছে।
মন্ত্রী দেশের পরিবহন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন কোচ, বাস ও নৌযান যুক্ত করার পরিকল্পনার কথাও জানান। এছাড়া বাস ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করাও সরকারের লক্ষ্য।
ট্রেন শিডিউল বিষয়ে তিনি বলেন, বড় কোনো সমস্যার উদ্ভব এড়াতে অন্তত ৮৫–৮৭টি লোকোমোটিভ প্রয়োজন। বর্তমানে ৭৮টি যুক্ত করা হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে আরও কয়েকটি যুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।
বিজ্ঞাপন
ঈদযাত্রার নিরাপত্তা বিষয়ে মন্ত্রী জানান, রেলওয়ে পুলিশ ছাড়াও সাধারণ পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। পাশাপাশি আনসার সদস্য এবং বিশেষ জ্যাকেট পরিহিত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, যারা প্রায় প্রতি ৪০০ মিটার পরপর অবস্থান রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা।








