ঢাকা ছাড়ছেন নগরবাসী, প্রথম দিনের ঈদযাত্রায় বেশি নারী-শিশু

ঈদযাত্রার প্রথম দিনে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। শুক্রবার (১৩ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার আনুষ্ঠানিক শুরুতে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। যারা ৩ মার্চ অনলাইনে টিকিট কেটেছিলেন, তারা আজ যাত্রা করছেন।
বিজ্ঞাপন
স্টেশনে সরেজমিনে দেখা গেছে, ভিড় ও ঝামেলা এড়াতে অনেকেই আগেভাগে বাড়ি যাচ্ছেন। তবে অন্যান্য যাত্রীর তুলনায় নারী ও শিশুদের সংখ্যা বেশি। অনেকেই সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঢাকার বাইরে যাচ্ছেন।
যাত্রীদের চোখে-মুখে বাড়ি ফেরার আনন্দ স্পষ্ট। ঢাকার একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া বলেন, “অনেক দিন পর গ্রামে যাচ্ছি। দাদা-দাদির সঙ্গে ঈদ করব, খুব আনন্দ হবে।”
বিজ্ঞাপন
জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী মিনহাজুল ইসলাম জানিয়েছেন, “ভার্সিটির ক্লাস বন্ধ থাকায় কিছুদিন আগে বাড়ি যাচ্ছি। ঈদের পর পরীক্ষা আছে, তাই দ্রুত ফিরে আসতে হবে। কিছুদিন পর ভিড় বাড়বে, তাই আগেভাগে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
চাঁপাইনবাবগঞ্জের যাত্রী সোনিয়া বলেন, “বাচ্চাদের নিয়ে পরে যাওয়া কষ্টকর হবে। বাবু ঢাকায় থাকছে, ঈদের দুই দিন আগে বাড়ি যাচ্ছি।”
আরেক যাত্রী মিতু আক্তার বলেন, “পরিবারের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি যাচ্ছি। এবার বেশ কিছুদিন থাকব। ট্রেনে যাতায়াত আরামদায়ক, প্রতিবছরই ট্রেনে যাই।”
বিজ্ঞাপন
ঈদযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্টেশন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তিন স্তরের টিকিট চেকিংয়ের পর যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন।








