Logo

আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী এ্যানি

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
১৪ মার্চ, ২০২৬, ১৫:০৬
আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী এ্যানি
ছবি: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি এবং জনগণের দীর্ঘদিনের দাবি পূরণে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকায় মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের মানুষ নদীভাঙন, জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে। এসব সমস্যা থেকে মানুষকে রক্ষা করতে নদীর তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণ অত্যন্ত জরুরি। সরকারের পক্ষ থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মজুচৌধুরীরহাট থেকে কমলনগর ও রামগতি হয়ে বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকায় অনেক স্থানে এখনো কার্যকর বাঁধ নেই। ফলে নদীভাঙনের কারণে বহু মানুষ বাড়িঘর ও জমিজমা হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। কৃষিজমি পানিতে তলিয়ে গিয়ে ফসল উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পানিসম্পদমন্ত্রী বলেন, উপকূলীয় এই অঞ্চলে মানুষকে প্রকৃতির সঙ্গে লড়াই করেই জীবনধারণ করতে হয়। বর্ষা মৌসুম এলেই বন্যা ও নদীর তীব্র স্রোতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাই নদীর তীর রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের কাজ দ্রুত শেষ করা প্রয়োজন।

তিনি বলেন, চলমান প্রকল্পের কাজের মান ও অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবে পানিসম্পদ মন্ত্রণালয়। কোথায় কীভাবে বাঁধ নির্মাণ হচ্ছে এবং কাজের গুণগত মান ঠিক আছে কি না—এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, অতীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে বিপুল অর্থ বরাদ্দ হলেও প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হয়নি।

এসব বিষয় তদন্তাধীন রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের অর্থ লুটপাট বা পাচারের কারণে বহু উন্নয়ন প্রকল্প থেকে জনগণ বঞ্চিত হয়েছে। বর্তমান সরকার এসব অনিয়ম দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নদীভাঙন রোধ এবং উপকূলীয় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে। একই সঙ্গে উন্নয়ন কাজগুলো যেন দুর্নীতিমুক্ত ও সঠিকভাবে সম্পন্ন হয়, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং শাহাদাত হোসেন সেলিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD