নাম ভাঙিয়ে তদবির বন্ধে সতর্কতা জারি করলেন শামা ওবায়েদ

ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নাম ব্যবহার করে কেউ যেন সরকারি দপ্তরে তদবির বা ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা করতে না পারে—এ বিষয়ে দুই উপজেলার প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারি প্যাডে আনুষ্ঠানিকভাবে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ মার্চ) জারি করা ওই নির্দেশনায় নগরকান্দা ও সালথা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে বিষয়টি জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন সরকারি অফিসে মন্ত্রীর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে—এমন অভিযোগ পাওয়া গেছে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, যাতে এ ধরনের কোনো অনৈতিক কার্যক্রমের সুযোগ তৈরি না হয়।
বিজ্ঞাপন
চিঠিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি যদি তার নাম ব্যবহার করে সুপারিশ, তদবির কিংবা বিশেষ সুবিধা আদায়ের চেষ্টা করেন, তাহলে তা গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সতর্কবার্তার অনুলিপি দুই উপজেলার বিভিন্ন প্রশাসনিক ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও পাঠানো হয়েছে। এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি), প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী, নির্বাচন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, পোস্টমাস্টার, সাব-রেজিস্ট্রার এবং পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন।
এ বিষয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, তার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগ সামনে এসেছে। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা বিভ্রান্তির শিকার না হন, সেজন্যই এই সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কেউ যদি তার নাম ব্যবহার করে কোনো ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের নির্দেশনা জারির ফলে স্থানীয় প্রশাসনের মধ্যে সচেতনতা বাড়বে এবং সাধারণ মানুষও প্রতারণা বা ভুয়া তদবিরের ঝুঁকি থেকে কিছুটা সুরক্ষা পাবে।








