ঢাকা–১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানী

ঢাকা–১৭ সংসদীয় আসনের জনগণের বিভিন্ন প্রশাসনিক ও জনসম্পৃক্ত কার্যক্রম আরও সহজ ও দ্রুত পরিচালনার লক্ষ্যে আব্দুর রহমান সানীকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরদিন সোমবার (১৬ মার্চ) দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বর্তমানে আব্দুর রহমান সানী প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব–২ হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের মাধ্যমে তিনি ঢাকা–১৭ আসনের বিভিন্ন প্রশাসনিক বিষয়, স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রম এবং জনগণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাজ সমন্বয় করবেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা যায়, সংসদীয় আসনটির জনগণের প্রয়োজনীয় সেবা দ্রুত পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই তাকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে। এর ফলে স্থানীয় পর্যায়ে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন ও সমস্যা সমাধানের প্রক্রিয়া আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে ঢাকা–১৭ আসনের জনগণের সঙ্গে কেন্দ্রীয় প্রশাসনের যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








