সরকারের এক মাস পূর্তি: ইশতেহার থেকে বাস্তবায়নের পথে যাত্রা বিএনপির

সরকার গঠনের এক মাস পূর্ণ করেছে বিএনপি নেতৃত্বাধীন প্রশাসন। সময়ের হিসেবে এটি মূল্যায়নের জন্য খুব দীর্ঘ না হলেও, এই স্বল্প সময়েই নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়ে নিজেদের কর্মপরিকল্পনার একটি দিকনির্দেশনা তুলে ধরেছে সরকার।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের পরই প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয় এবং সে অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ শুরু করে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার সমন্বয়ে নেওয়া এই উদ্যোগগুলো প্রাথমিক পর্যায়েই ইতিবাচক বার্তা দিয়েছে।
নির্বাচনের আগে গুরুত্ব পাওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ইতোমধ্যে চালু হয়েছে। প্রাথমিকভাবে নির্দিষ্ট সংখ্যক পরিবারকে এই সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হলেও ধাপে ধাপে এর পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এটি আরও বিস্তৃত করার কথাও জানিয়েছে সরকার।
বিজ্ঞাপন
একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের জন্য রাষ্ট্রীয় সম্মানী চালুর উদ্যোগও আলোচনায় এসেছে। দেশের মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বশীলদের জন্য মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে, যা সরাসরি ব্যাংক হিসাবে পৌঁছানোর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষে বিশেষ বোনাসের ব্যবস্থাও রাখা হয়েছে।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে, যা সেচব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের আশঙ্কা মাথায় রেখে সরকার শুরু থেকেই কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। এরই মধ্যে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হয়েছে এবং আরও সরবরাহ আসার কথা রয়েছে।
রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থার তদারকি জোরদার করা হয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তুলনামূলক সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তাও শুরু থেকেই দেওয়া হয়েছে। মন্ত্রী ও সংসদ সদস্যদের মাধ্যমে মাঠপর্যায়েও এই অবস্থান তুলে ধরা হচ্ছে।
বিজ্ঞাপন
এছাড়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কিছু আচরণও আলোচনায় এসেছে। নিয়মিত সময়মতো অফিসে উপস্থিত হওয়া, সরল জীবনযাপন, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগ নেওয়ার বিষয়গুলো প্রশাসনে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে।
সাধারণ পোশাকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া এবং আনুষ্ঠানিকতায় সরলতা বজায় রাখাও জনমনে ভিন্ন ধরনের বার্তা দিচ্ছে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে উল্লেখ করেন, সরকারের প্রথম এক মাসের কার্যক্রম নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। তার মতে, এই উদ্যোগগুলো জনগণের প্রতি দায়বদ্ধতার প্রকাশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ভিত্তি তৈরি করেছে।








