ছুটির দিনেও সচিবালয়ে ‘কৃষক কার্ড’ নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

সরকারি ছুটির দিনেও কৃষকদের জন্য প্রস্তাবিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগ বাস্তবায়নে দ্রুত অগ্রগতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে কৃষক কার্ড প্রণয়ন সংশ্লিষ্ট সেলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ছুটির দিন হওয়া সত্ত্বেও গুরুত্বপূর্ণ এই কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ায় সরকারের অগ্রাধিকার বিষয়টি স্পষ্ট হয়েছে।
বৈঠকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াসিন, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈঠকে কৃষক কার্ড চালুর প্রস্তুতি, বাস্তবায়ন কৌশল এবং কৃষকদের কাছে সরকারি সহায়তা সহজভাবে পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর ডাটাবেইস তৈরি, ভর্তুকি ও প্রণোদনা সরাসরি কৃষকের হাতে পৌঁছানো এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
বৈঠকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দ্রুততম সময়ে কার্যক্রমটি বাস্তবায়নের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি খাতে প্রশাসনিক জটিলতা কমবে এবং প্রকৃত কৃষকের কাছে সহায়তা পৌঁছানো সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








