Logo

ঈদে ঢাকা ছাড়বে প্রায় দেড় কোটি মানুষ: সড়কমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ, ২০২৬, ১৬:৪১
ঈদে ঢাকা ছাড়বে প্রায় দেড় কোটি মানুষ: সড়কমন্ত্রী
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজধানী ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে রওনা দেবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। বিপুল এই যাত্রীচাপ সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ হলেও সরকারের প্রস্তুতিতে যাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙ্গামাটি নদীর ওপর নির্মিত গোমা সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ ২০৭টি পয়েন্টে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এছাড়া হাইওয়ে ও সেতুগুলোতেও বিশেষ পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি বলে উল্লেখ করে তিনি বলেন, কিছু জায়গায় যানবাহন ধীরগতিতে চললেও চলাচল বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেওয়া প্রস্তুতির ফলে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে আরামদায়ক ও নিরাপদ হবে। মানুষ নির্বিঘ্নে নিজ নিজ বাড়িতে পৌঁছাতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপারসহ সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফলক উন্মোচন ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে গোমা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী শেখ রবিউল আলম। সেতুটি চালু হওয়ায় স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD