Logo

টাঙ্গাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ, ২০২৬, ১৭:৩২
টাঙ্গাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষকদের জন্য প্রি-পাইলট প্রকল্পের আওতায় ‘কৃষক কার্ড’ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে টাঙ্গাইল সদর উপজেলায় সরাসরি কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম ধাপে টাঙ্গাইল সদরসহ মোট ১১ উপজেলায় ২১,৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে। টাঙ্গাইলের বাইরে এই কার্যক্রমে অংশ নেবে—পঞ্চগড় সদর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সাবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ ও মৌলভীবাজারের জুড়ী উপজেলা।

বিজ্ঞাপন

এই কার্ডটি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের জন্য দেওয়া হবে। ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র শ্রেণির কৃষকরা কৃষি উপকরণ ক্রয়ের জন্য বছরে আড়াই হাজার টাকা প্রণোদনা হিসেবে পাবেন। কার্ডটি ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে এবং এর মাধ্যমে কৃষকেরা সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য ক্রয় করতে পারবেন।

বৈঠকে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন, প্রস্তাবিত কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের একটি নির্ভরযোগ্য পরিচিতি নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি কৃষি ভর্তুকি, ঋণ সুবিধা, বীজ ও সার বিতরণসহ বিভিন্ন সরকারি সহায়তা আরও স্বচ্ছ ও কার্যকরভাবে প্রদান করা যাবে।

বিজ্ঞাপন

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃষকদের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতির ব্যবহার নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন— কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশীদ ইয়াসিন; মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু; অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD