Logo

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ, ২০২৬, ১৩:১৩
এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী
ছবি: সংগৃহীত

সার্বিকভাবে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, দেশের বিভিন্ন বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়াই আদায় করা হচ্ছে এবং এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে কোনো বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বুধবার (১৮ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পরিবহনগুলো নির্ধারিত ভাড়া মেনেই যাত্রী পরিবহন করছে। এমনকি কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও ২০ থেকে ৩০ টাকা কম নিচ্ছে। টার্মিনালে পুলিশ বুথ স্থাপন করা হয়েছে, ফলে কেউ অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বাসগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের ভোগান্তির কোনো চিত্র এখন পর্যন্ত চোখে পড়েনি। সার্বিক ব্যবস্থাপনায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও শৃঙ্খলার সঙ্গে রাজধানী ছাড়তে পারছেন বলেও উল্লেখ করেন তিনি।

ঈদযাত্রার সামগ্রিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, কোথাও বড় ধরনের বিঘ্ন বা যানজটের খবর পাওয়া যায়নি। সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও সক্রিয়ভাবে কাজ করছে।

বিজ্ঞাপন

জ্বালানি তেলের বিষয়ে তিনি বলেন, ১৫ মার্চ রাত ১১টা থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। যমুনা সেতু দিয়ে আগের দিনের তুলনায় প্রায় ৩২ হাজার বেশি যানবাহন চলাচল করেছে, যা প্রমাণ করে জ্বালানির কোনো ঘাটতি নেই। তিনি বলেন, গণপরিবহনে জ্বালানি সংকটের কোনো সমস্যা নেই, আর কেউ যদি এ বিষয়ে কোনো অসুবিধার সম্মুখীন হন, তাহলে অভিযোগ জানাতে পারবেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD