দেশজুড়ে ঈদের জামাতের সময়সূচি ও স্থান নির্ধারণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাতের সময়সূচি ও স্থান নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যথাযথ প্রস্তুতির মাধ্যমে মুসল্লিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রাজধানী ঢাকায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। প্রতি বছরের মতো এবারও এই জামাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতা এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন। জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক এবং বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো কারণে সেখানে জামাত অনুষ্ঠিত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের দিন পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে— সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদ জামাত হবে। আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠেও একই সময়ে ঈদের জামাত আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে—সকাল ৮টা ও ৯টায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের মসজিদ ও মাঠেও সকাল ৮টায় পৃথক জামাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণেও সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
দেশের বৃহত্তম ঈদ জামাতের একটি আয়োজন হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে। সেখানে এবছর ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়, যেখানে ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ।
বিজ্ঞাপন
অন্যদিকে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানেও বিশাল ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। প্রায় ২২ একর জায়গাজুড়ে বিস্তৃত এই ময়দানে পাঁচ থেকে ছয় লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন বলে আয়োজকদের দাবি। এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান।
চট্টগ্রাম নগরীতে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায়। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে। এছাড়া লালদীঘির পাড়ে শাহী জামে মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে, যেখানে প্রথমবারের মতো নারীদের জন্যও নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে পৃথক পৃথক সময়ে জামাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
খুলনায় সার্কিট হাউস ময়দানে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে টাউন জামে মসজিদে পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা ও ১০টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে সকাল সাড়ে ৮টায় জামাত হবে।
সিলেটে শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে সরকারি আলীয়া মাদ্রাসা মাঠেও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
রংপুরে কালেক্টরেট ঈদগাহে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ হলে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বিকল্পভাবে জামাত অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন এলাকায়ও নির্ধারিত সময়ে ঈদের নামাজ আদায় করা হবে।
ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং একই স্থানে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর বিভিন্ন মসজিদ ও মাঠে আলাদা সময়সূচি অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সারা দেশে ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ঈদুল ফিতরের জামাত আয়োজন করা হয়েছে, যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে সবাই নামাজ আদায় করতে পারেন।








