Logo

ঈদযাত্রায় মৃত্যুর মিছিল : দুর্ঘটনায় নিহত ১০, আহত শতাধিক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ, ২০২৬, ১৬:৪৭
ঈদযাত্রায় মৃত্যুর মিছিল : দুর্ঘটনায় নিহত ১০, আহত শতাধিক
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাড়ি ফেরার ভিড়ে দেশজুড়ে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। আনন্দের এই যাত্রা অনেক পরিবারের জন্য পরিণত হয়েছে শোকাবহ ঘটনায়। বুধবার (১৮ মার্চ) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক, রেল ও নৌপথে একাধিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ, পাশাপাশি এখনো নিখোঁজ রয়েছেন দুইজন।

বিজ্ঞাপন

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌপথে ঘটে যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা। বিকেলে ঢাকা-ইলিশা রুটের ‘আসা যাওয়া-৫’ লঞ্চে যাত্রী ওঠানামার সময় পেছন থেকে ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চটি ধাক্কা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে মো. সোহেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় বোরা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নৌ পুলিশের তথ্যমতে, দুর্ঘটনার পর এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে রেলপথে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে বগুড়ার সান্তাহার জংশনের কাছে। ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হলে ঢাকা-ঈশ্বরদী-দিনাজপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আদমদীঘির বাগমারি এলাকায় ব্যানার সিগন্যাল না মানার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে ৬৬ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে ২০ জন নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সড়কপথেও ঘটেছে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা। ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে গেলে চালকসহ তিনজন নিহত হন। নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (১৫) এবং চালক রিন্টু (৪৭)। এ ঘটনায় অন্তত নয়জন দগ্ধ ও আহত হয়েছেন।

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা চাচা কাওসার (২৬) ও তার ছয় বছরের ভাতিজা রেদোয়ান নিহত হন। ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন

কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির একটি বাস উল্টে গেলে সাংবাদিক ইউসুফ আরেফিনসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্রাকের ধাক্কায় ফুলঝুরি বেগম (৪৫) নামে এক নারী নিহত হন।

শরীয়তপুরের ডামুড্যায় মাটিবাহী ট্রলির ধাক্কায় রমজান (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। একইভাবে টেকনাফে বাস ও সিএনজি সংঘর্ষে নাহিদ ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়। চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাঁশি মোহন দাশ নামে আরও একজন প্রাণ হারান।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ দুর্ঘটনাই বেপরোয়া গতি ও চালকদের অসতর্কতার কারণে ঘটছে। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঈদকে সামনে রেখে মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্কতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD