দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ, রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এক মাস সিয়াম সাধনার পর শাওয়ালের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয় এই ঈদ।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রমজান পূর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত ছিল, ফলে ঈদের সম্ভাব্য তারিখ আগেই নির্ধারিত হয়ে যায়।
ঈদকে সামনে রেখে দেশজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে রাজধানীসহ বড় শহরগুলো থেকে বহু মানুষ গ্রামে ফিরেছেন প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য। বাস, ট্রেন ও লঞ্চে করে ঘরমুখো মানুষের ঢল নামার দৃশ্য গত কয়েকদিন ধরেই চোখে পড়েছে।
বিজ্ঞাপন
সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়, যা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই জামাত অনুষ্ঠিত হবে।
প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত এই প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর, যা মুসলিম উম্মাহর মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা বয়ে আনে।








