জাতীয় ঈদগাহ থেকে মসজিদ : রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জাতীয় ঈদগাহ ময়দান থেকে শুরু করে বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে অনুষ্ঠিত হবে শত শত ঈদের জামাত। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এবার রাজধানীতে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
জাতীয় পর্যায়ের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে শনিবার সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া প্রতিকূল হলে বা কোনো কারণে সেখানে জামাত সম্ভব না হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী। এ জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশগ্রহণের কথা রয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের হিসাবে, জাতীয় ঈদগাহ ও এর আশপাশ মিলিয়ে প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে ভিআইপি ব্যক্তিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে এবং নারী মুসল্লিদের জন্যও পৃথক স্থান নির্ধারণ করা হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সময়গুলো হলো সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট।
এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যেখানে সংসদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও অংশ নিতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় দুটি জামাত হবে—প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৯টায়।
বিজ্ঞাপন
পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায়ও নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে। লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান, গেন্ডারিয়ার ধূপখোলা মাঠ, দক্ষিণ মুগদা, জুরাইনসহ বিভিন্ন স্থানে সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে জামাত আয়োজন করা হয়েছে।
এছাড়া মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, তিতুমীর কলেজ মাঠ, লালবাগ, মান্ডা ও অন্যান্য এলাকায় সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠেও সকাল ৮টায় ঈদের জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, যেখানে প্রায় ২৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
বিজ্ঞাপন
বসুন্ধরা আবাসিক এলাকাসহ রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় স্থানীয়ভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ঈদের জামাতগুলোকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ট্রাফিক নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।








