Logo

শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ, ২০২৬, ২১:০৬
শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের বিশেষ দিনে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২০ মার্চ) তিনি গণমাধ্যমে পাঠানো এক লিখিত বার্তায় এই শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি তার বার্তায় বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মু’মিন-মুসলমানগণ সকল অন্যায়, অবিচার ও পাপাচার থেকে মুক্ত হয়ে উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন করেন। ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য অপরিসীম।

তিনি আরও বলেন, বিভিন্ন ত্যাগ, তিতিক্ষা ও আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছি। ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ নির্মাণের অভিযাত্রায় পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা সকলের মধ্যে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি দেশের বর্তমান অর্থনৈতিক ও জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে বলেন, বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশের ওপর প্রভাব ফেলেছে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। সেই সঙ্গে সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানাই।

বার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করেন, ঈদের আনন্দে সবার জীবন ভরে উঠুক এবং দেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক সৌহার্দ্য ও সম্প্রীতি। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন মাতৃভূমি বাংলাদেশ, মুসলিম উম্মাহ ও সারা বিশ্বের মানুষের সুখ, শান্তি, কল্যাণ ও উন্নতি অব্যাহত থাকে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD