ঈদে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ড. মুহাম্মদ ইউনূস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বার্তায় তিনি বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সহিংসতা পরিহারের আহ্বান জানান।
বিজ্ঞাপন
বার্তায় তিনি উল্লেখ করেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমান ঈদ উদযাপন করছেন। এই আনন্দঘন সময়ে তার চিন্তায় রয়েছে ইরান, লেবানন ও উপসাগরীয় অঞ্চলের সংঘাতে ক্ষতিগ্রস্ত লাখো মানুষ।
তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতে ইরানে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও সামরিক পথ বেছে নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। প্রতিশোধমূলক হামলার কারণে সহিংসতা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং এর প্রভাব উপসাগরীয় দেশগুলোতেও পড়ছে।
বিজ্ঞাপন
পশ্চিম এশিয়ায় দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের অবসান জরুরি উল্লেখ করে ড. ইউনূস বলেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, উপসাগরীয় দেশসমূহ ও ইসরায়েলের জনগণের উচিত শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুঁজে নেওয়া।
বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিদেশে কর্মরত স্বজনদের নিরাপত্তা নিয়ে দেশের বহু পরিবার উদ্বিগ্ন। সাম্প্রতিক হামলায় নিহত বাংলাদেশিদের জন্য গভীর শোকও প্রকাশ করেন তিনি।
বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে গড়িয়েছে, যা বৈশ্বিক অর্থনীতি ও দরিদ্র জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে অনেক মানুষের জন্য ন্যূনতম পুষ্টি নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি বাজার অস্থির হলে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই বাধাগ্রস্ত হয়।
বার্তার শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই সময় বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে এবং সহিংসতার চক্রের অবসান ঘটবে।








