তেহরান থেকে আজ রাত ২টার দিকে ঢাকায় পৌঁছাতে পারেন ১৮৬ বাংলাদেশি

তেহরান থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা ১৮৬ জন বাংলাদেশি এখনও পথে রয়েছেন। সবশেষ তথ্য অনুযায়ী, তারা আজারবাইজানের রাজধানী বাকু পৌঁছেছেন এবং সেখান থেকে আকাশপথে আজ (শনিবার) রাত ২টার দিকে ঢাকায় পৌঁছাতে পারেন।
বিজ্ঞাপন
প্রাথমিক পরিকল্পনা ছিল, শুক্রবার বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তবে আজারবাইজান সীমান্তে ইমিগ্রেশনসহ বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ে বাকু পৌঁছানো সম্ভব হয়নি।
তেহরানে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাবেয়া সুলতানা জানান, যাত্রাপথে নানা জটিলতার কারণে বিলম্ব হলেও সবাই সুস্থ আছেন। তিনি বলেন, বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
জানা গেছে, বাংলাদেশি দলের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারাও রয়েছেন।
এর আগে, ১৮ মার্চ স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ২২ জন বাংলাদেশিকে নিয়ে প্রথম বাসটি তেহরান থেকে আজারবাইজান সীমান্তের উদ্দেশে রওনা হয়। পরবর্তীতে মোট ৯টি বাসে করে ১৮৬ জন বাংলাদেশি যাত্রা করেন। রাতের মধ্যে বাসগুলো সীমান্তে পৌঁছালেও ইমিগ্রেশন প্রক্রিয়া শুরু হয় পরদিন সকাল থেকে এবং তা শেষ করতে প্রায় পুরো দিন-রাত লেগে যায়। পরে শুক্রবার ভোরে তারা বাকুর উদ্দেশে যাত্রা করেন।
সব মিলিয়ে সীমান্তে প্রায় ৫০ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে তাদের। দীর্ঘ এই ভ্রমণ ও বিলম্ব সত্ত্বেও আশা করা হচ্ছে, তারা ঈদের আগেই দেশে ফিরে পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারবেন।
বিজ্ঞাপন
এদিকে ইরানে চলমান পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। দেশটিতে একদিকে যুদ্ধাবস্থা, অন্যদিকে নওরোজ ও ঈদুল ফিতর একসঙ্গে উদযাপিত হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। বিভিন্ন শহরে নিহতদের জানাজা ও প্রতিবাদ কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।








