বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এক মাসের সিয়াম সাধনা শেষে শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এ জামাতে অংশ নেন হাজারো মুসল্লি।
বিজ্ঞাপন
প্রথম জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। নামাজ শুরুর আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহত ও বয়ান পেশ করেন। জামাত শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। প্রথম জামাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। এরপর নির্ধারিত সময় অনুযায়ী পর্যায়ক্রমে আরও জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ৭টার জামাত ইতোমধ্যে শেষ হয়েছে। পরবর্তী জামাতগুলো সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জামাতে পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাতে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন মাওলানা শহীদুল ইসলাম।
বিজ্ঞাপন
অন্যদিকে, পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে থাকবেন ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
প্রধান ঈদ জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, মন্ত্রিসভার সদস্যসহ দেশি-বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণের কথা রয়েছে।








