Logo

ভেদাভেদ ভুলে কোলাকুলির দিন : আজ পবিত্র ঈদুল ফিতর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ, ২০২৬, ০১:৩১
ভেদাভেদ ভুলে কোলাকুলির দিন : আজ পবিত্র ঈদুল ফিতর
ছবি: সংগৃহীত

মাসব্যাপী সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর আজ শনিবার (২১ মার্চ) সারাদেশে উদযাপিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর বিশ্বব্যাপী মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দিনটি মুসলমানদের জন্য বরকতময়ও। এই ঈদের প্রবর্তক হচ্ছেন মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ (সা.)। হিজরি দ্বিতীয় সন থেকে মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করে আসছে।

বিজ্ঞাপন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত আদায়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে সেখানে জামাত সম্ভব না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

বিজ্ঞাপন

সরকারি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নিতে পারেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে নারী মুসল্লিদের জন্যও পৃথক প্রবেশপথ ও নামাজের সুবিধা নিশ্চিত করা হয়েছে। ওজুখানা, চিকিৎসা সহায়তা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো নির্দিষ্ট হুমকি না থাকলেও সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকবে এবং আশপাশের গুরুত্বপূর্ণ মোড়ে ব্যারিকেড বসানো হবে। প্রবেশপথে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, ডগ স্কোয়াড ও বিশেষ নিরাপত্তা টিম মোতায়েন থাকবে।

বিজ্ঞাপন

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সেখানেও মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে—সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও বেলা পৌনে ১১টায়। বিভিন্ন পর্যায়ের ইমামরা এসব জামাতে ইমামতি করবেন।

বিজ্ঞাপন

এ ছাড়া জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যেখানে সংসদ সদস্যসহ সাধারণ মুসল্লিরাও অংশ নিতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদেও সকাল ৮টা ও ৯টায় দুইটি জামাত অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সরকারি-বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে ‘ঈদ মোবারক’ লেখা ব্যানার টানানো হয়েছে।

ঈদ উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি চলছে। এ সময়ে টেলিভিশন, বেতার ও বিভিন্ন গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার এবং পত্রিকাগুলোতে বিশেষ সংখ্যা প্রকাশ করা হচ্ছে।

বিজ্ঞাপন

সামাজিক দিক বিবেচনায় দেশের হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু সদন, বৃদ্ধাশ্রম ও অন্যান্য সেবাকেন্দ্রে উন্নতমানের খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও যথাযথভাবে ঈদ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ ছাড়া ঈদের দিন শিশুদের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন পার্কগুলোতে বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি জাদুঘর, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লাসহ বিভিন্ন দর্শনীয় স্থানেও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD