Logo

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে প্রধান জামাত অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ, ২০২৬, ০৮:৫৪
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে প্রধান জামাত অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে অংশ নেন।

বিজ্ঞাপন

ঈদের এই বৃহৎ জামাতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, মন্ত্রিপরিষদ সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিচার বিভাগীয় কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পর খুতবা প্রদান করা হয়, যেখানে ধর্মীয় মূল্যবোধ, সংযম ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

ঈদগাহ মাঠে নামাজ আদায়ের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মুসল্লিদের সুবিধার্থে মাঠজুড়ে সুবিন্যস্ত ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়।

নারীদের জন্য পৃথক নামাজের স্থান, আলাদা প্রবেশপথ ও অজুর ব্যবস্থা রাখা হয়। একইসঙ্গে ভিআইপি ব্যক্তিদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। প্রায় ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার নারীর জন্য নির্ধারিত স্থান ছিল।

বিজ্ঞাপন

এছাড়া মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল টিম এবং পর্যাপ্ত অজুখানার ব্যবস্থা রাখা হয়। সব মিলিয়ে সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় আবহে সম্পন্ন হয় ঈদের প্রধান জামাত।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD